শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮

শাহিন চাষী'র কবিতা --স্বপ্নডানা


স্বপ্নডানা
- শাহিন চাষী

আকাশে মেঘ, মেঘে বজ্র আলপনা, ঢেকে আসে রোদ, শঙ্কিত তরুরাজি, বাতাসে ঝড়ের খবর, বুকের ভেতর কেবল এক টনটনে ব্যথা- আমার চারপাশ!

হাসিহীন মলিন ফুল, কুঁড়ির বিকাশ অনাকাঙ্খা, পাতার ফাঁকে মৌন শোক, পাখির কণ্ঠে চাপা আর্তনাদ, ভ্রমর- মৌমাছি বখাটে- নেশাখোর, পাপড়ির ভাঁজে ভাঁজে স্পষ্ট পাশবিকতা- সামাজিক প্রকাশ!

পথে পথে জীবন- অবিকল মানুষ- নিতান্ত অচেনা, ঠোঁটে লোভ, মুখে হতাশা, চোখে লালসা, মনে পশু, হৃদয় পাথর- ভয়ঙ্কর পাষাণ, পায়ে পায়ে নিষ্ঠুরতা- কর্কটের আভাস!

চলছে সময়, সজাগ অন্ধকার, বিপন্ন মাটি, অসাড় সভ্যতা, স্বার্থের চেঁচামেচি, ধর্মের আস্ফালন- বিভেদের জ্যামিতি, শোষনের ভুগোল, আদিম হিংস্রতা- পতনের পূর্বাভাস।

হাঁকে মৃত্যু, ঝরে স্বপ্ন, উড়ে আশা, পোড়ে ভালবাসা, শুকায় বিশ্বাস, মরে আস্থা, জন্মে অবিশ্বাস, হাসে রক্ত, হাঁটে বিস্ময়, রুগ্ন বিবেক, কঙ্কালসার মানবতা- অভিশাপের উদ্ভাস।

সমূহ সংকট, মৃত্যুর মিছিল, নগ্নতার ছায়াছবি, নিরাশার ভাস্কর্য, ভাঙছে হাল, ছিঁড়ছে পাল, ফসিল প্রেম, প্রবাল মমতা- ধ্বংসের উল্লাস।

চারিদিকে মরু- বিরাণ শ্মশান, আগ্রাসী শ্বাপদ, অসহায় প্রাণ, ভাবনার জাগরণ, একতার টান, বোধের উদয়, ভুলের অনুভব, নিঃসঙ্গের বিভীষিকা, মুক্তির বাসনা, আলোর বারতা- নিরুদ্দেশ দীর্ঘশ্বাস।



কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)

বৈশিষ্ট্যযুক্ত পোস্ট

ffff