"যাচ্ছো? যাও। "

যাচ্ছো?
যাও।
তুমি ফিরতে ফিরতে এদিকে সন্ধ্যা নামবে, সারাটা দুপুর দখলে নেবে ঘন অন্ধকার। আমাকে পূনর্বার উজ্জ্বল আলোয় ফেরাতে তোমার সময় লেগে যাবে বেশ।
যাচ্ছো?
যাও।
তুমি ফিরতে ফিরতে এদিকে নদীর পাড় ভাঙতে শুরু করবে, আমার ভিটেমাটি দখলে নেবে তেড়ে আসা জলোচ্ছ্বাস। আমাকে পূনর্বার থিতু করতে তোমার ক্ষয়ে যাবে মেলা কিছু।
যাচ্ছো?
যাও।
তুমি ফিরতে ফিরতে এদিকের আকাশ উধাও হবে।
ক্ষ্যাপাটে রোদ্দুর খেয়ে নেবে আমাদের সংরক্ষিত মেঘমালা। আমাকে পূনর্বার ভেজাতে তোমার কলস খালি হয়ে যাবে।
যাচ্ছো?
যাও।
স্বল্প আয়ুর এই যাপিত জীবনে স্বর্গের হাওয়া নিয়ে আসতে ফিরে এসো তবে,
ফিরে এসো সহসাই।
আমি আশায় বুক বেঁধে আছি প্রিয়তমা।
কোন মন্তব্য নেই:
Write মন্তব্য(গুলি)